চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে মিজানুর রহমান চৌধুরীকে দেখতে চান এলাকার সচেতন নাগরিকরা। তাদের দাবি, তিনি জুলাই বিপ্লবের বীর সৈনিক ও সাহসী জুলাই যোদ্ধা হিসেবে সুপরিচিত। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, লেখক গবেষক, বুদ্ধিজীবী এবং দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
এলাকার নাগরিকরা জানান, মিজানুর রহমান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হলে আনোয়ারা-কর্ণফুলী এলাকা একটি মডেল আসনে রূপান্তরিত হতে পারে। দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, এবং মাদক নিয়ন্ত্রণে তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশ্বাস করেন স্থানীয় জনগণ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, চট্টগ্রাম-১৩ একটি অপার সম্ভাবনাময় আসন। দুর্ভাগ্যজনকভাবে সঠিক নেতৃত্বের অভাবে এখানকার সাধারণ মানুষ বছরের পর বছর অবহেলিত। মাদক, প্রশাসনের অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার জনগণের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরও জানান, জনগণ যদি তাকে সমর্থন দেন, তাহলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন। শেষে তিনি আনোয়ারা-কর্ণফুলী আসনের সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।